ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এরমধ্যে মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপভ্যানের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। নাটোরে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ায় এলাকাবাসী ক্ষেভে তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মানিকগঞ্জ: গতকাল সকাল ৭টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- চালক চাঁন মিয়া (২৫) ও সহকারী হাবিবুর রহমান (২০)। চাঁন মিয়ার বাড়ি রংপুর জেলায়। হাবিবুরের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার ভাঙ্গারখোলা গ্রামে। অন্যজন পিকআপ ভ্যানের যাত্রী জিল্লুর রহমান (২৭)। তার বাড়ি ওই উপজেলার তেঘুরি গ্রামে। তিনি একজন মুরগি ব্যবসায়ী। ট্রাকের চালক ও সহযোগী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে একটি পিকআপভ্যান চাপায় আব্দুর রহমান (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পার্শের এশিয়ান হাইওয়ে সড়কে ঘটে এ দুর্ঘটনা। আব্দুর রহমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রোস্তমপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষর্দীদের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, সড়কের ঢালে ইঞ্জিন চালু অবস্থায় পিকআপভ্যানটি রেখে অপর এক চালকের সঙ্গে কথা বলছিলেন আব্দুর রহমান। পরে পেছন থেকে তিনি দেখতে পান ঢালে রাখা পিকআপভ্যানটি চলন্ত অবস্থায় নেমে আসছে। এ সময় দৌড়ে গেট খুলে উঠতে গেলে আব্দুর রহমানকে চাপা দিয়ে পিকআপটি খাদে পড়ে যায়।
নাটোর: নাটোরে ট্রাক্টরের চাপায় এমদাদুল হক (৩২) নামে এক পথচারী নিহত হয়েছে। এ সময় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ওই সড়কে তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। গতকাল সদর উপজেলার হালসা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এমদাদুল হক সদর উপজেলার হালসা ইউনিয়নের মাটিকোপা গ্রামের জহুরুল হকের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, এমদাদুল সকাল ৯টার দিকে জমি থেকে বাড়ির দিকে আসছিলেন। পথে হালসা বাজার থেকে মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী তিনটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।