সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে একদল যুবকের ধস্তাধস্তির সময় গুলিতে এক যুবক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, ওই রাতে নবাবগঞ্জগামী মোটরসাইকেল আরোহী একদল যুবক পুলিশের সিগন্যাল অমান্য করে চলে যায়। পরে তারা সেই পথ দিয়ে ফিরে আসার সময় পুলিশ তাদের আটকায়। তাদেরকে পুলিশ সিগন্যাল অমান্য করার কারণ জিজ্ঞাসা করলে এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধস্তাধস্তি বেধে যায়। এ সময় পুলিশের শটগান থেকে ‘অসাবধানতাবশতঃ’ বের হওয়া গুলিতে এক যুবক ও একজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ৪ যুবককে আটক করেছে। উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবক শাহাদাত হোসেন শ্যামলকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আহত কনস্টেবল সিরাজদিখান থানার মো. রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটকদের নাম সজিব মন্ডল, কৃষ্ণ বাড়ৈ, গোবিন্দ সিদ্ধা ও জনি সিদ্ধা। তাদের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানা ও নবাবগঞ্জে। গুলিবিদ্ধ যুুবক শ্যামল কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর গ্রামের তাহের আলীর ছেলে।