কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে সিপিএম

আসন্ন লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়তে জাতীয় কংগ্রেসের সাথে আসন সমঝোতা করতে যাচ্ছে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। আসন সমঝোতার পথ খোলা রেখে শুক্রবার বামফ্রন্ট ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় মুসলিম প্রার্থী ৫ জন, নারী প্রার্থী ৪ জন। কলকাতার যাদবপুর কেন্দ্রে তৃণমূলের মিমির বিরুদ্ধে সিপিএমের প্রার্থী করা হয়েছে কলকাতার সাবেক মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে।

বিজেপিকে ঠেকাতে মমতা ব্যানার্জি ফেডারেল ফ্রন্ট গড়ে একজোট হয়ে লড়ার কথা ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। সেই ফ্রন্টের সভায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরাও। কিন্তু নির্বাচনী জোট প্রক্রিয়ায় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূলের পরিবর্তে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকেই গুরুত্ব দেন। সেই পথ ধরেই আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর বামফ্রন্ট এদিন প্রার্থী তালিকা ঘোষণা করে। বাকি ১৭ আসন জাতীয় কংগ্রেস এবং সর্বসম্মত স্বতন্ত্র প্রার্থীর জন্য ছেড়ে রাখা হয়েছে।

প্রতিক্রিয়ায় জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্র জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলবে। বামেদের প্রার্থী তালিকার বিষয়টি রাহুল গান্ধীকে।জানানো হবে। ২-৩ দিনের মধ্যে জাতীয় কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গে লোকসভা আসন ৪২। ২০১৪ লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং সিপিএম আলাদাভাবে লড়েছিল। কংগ্রেস ৪ এবং সিপিএম ২টি আসন পায়। তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। আর বিজেপি পেয়েছিল ২টি আসন।