কর্মক্ষেত্রে সফল ৮ নারী পেলেন ওয়েন্ড সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অর্থনৈতিক ও সমাজ উন্নয়নে অবদান রাখা গুণী ৮ নারীকে সম্মাননা প্রদান করেছে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড)। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সমতায় সমৃদ্ধি’ শীর্ষক নারী দিবস উদযাপন ও সম্মাননা অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতী নারীদের হাতে সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক। সভাপতিত্ব করেন ওয়েন্ডের প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন।

সম্মাননা প্রাপ্তরা হলেন, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, বিউটি এক্সপার্ট ও স্টুডিও ২০০০ এর স্বত্বাধিকারী সুমনা হাসান, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর ডা. নাজ ইয়াসমিন, সাংবাদিক নবনিতা চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নীলিমা আক্তার, স্থপতি তানিয়া করিম, মনোবিদ ও দর্পণের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিডিয়া ব্যক্তিত্ব জাকিয়া আনাম এবং ফ্যাশন ডিজাইনার চন্দনা আর দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। দেশের উন্নয়ন ও ব্যবসার ক্ষেত্রে নারীরা অবদান রাখছেন। ব্যবসায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত ও প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়েন্ডের সিনিয়র সহ-সভাপতি শামীমা শিরীন লাইজু, সহ-সভাপতি আয়শা সিদ্দিকা, কোষাধ্যক্ষ আনোয়ারা সিদ্দিকা, সাধারণ সম্পাদক জিসান আক্তার চৌধুরী প্রমুখ।