স্পিকারের সঙ্গে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সাক্ষাত্

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদেলাতি হাবেক বৃহস্পতিবার মরক্কোর রাবাতে বাংলাদেশ হাউজে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বি-পক্ষীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে শিরীন শারমিন বলেন, মরক্কোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদেলাতি হাবেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি শিরীন শারমিনকে অভিনন্দন জানান। এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।