নতুন গভর্নরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে অভিনন্দন জানিয়েছে  দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। 
 
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের পক্ষে সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ রবিবার নবনিযুক্ত গভর্নরকে অভিনন্দন জানান।
 
অভিনন্দন বার্তায় এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন যে, নবনিযুক্ত গভর্নর মো. ফজলে কবির, একজন দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা  হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অত্যন্ত প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
 
এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ তাদের নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী দেশের ব্যাংকগুলোর ঋণের সুদের হার ‘সিঙ্গেল ডিজিট’ এ নামিয়ে আনার লক্ষ্যে জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এফবিসিসিআই এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ প্রচেষ্টায় ব্যাংক ঋণের সুদের হার ইতিমধ্যে অনেকক্ষেত্রে ‘সিঙ্গেল ডিজিট’ এ নেমে এসেছে। বেশ কিছু দিন ধরেই  যেহেতু দেশের মূল্যস্ফীতি বেশ নিয়ন্ত্রণে রয়েছে, তাই এ সুবিধাটি কাজে লাগিয়ে এফবিসিসিআই  ও বাংলাদেশ ব্যাংকের  কার্যকর প্রচেষ্টায় ঋণের সুদের হার আরো নামিয়ে আনা সম্ভব হবে বলে এফবিসিসিআই আশা করে।