নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং। গতকাল এক বার্তায় সিনেটর অ্যানিং এই হত্যাকাণ্ডের বিরোধিতা করে এর যৌক্তিক কারণও তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় মুসলমানদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় ভয়ের সৃষ্টি হয়েছে। অভিবাসন নীতিকেই তিনি এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে দাবি করেন। তার মতে, উদার অভিবাসন নীতির কারণে কট্টরপন্থি মুসলমানরা প্রথমেই নিউজিল্যান্ডে চলে আসেন।
তবে সিনেটর অ্যানিংয়ের এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। টুইটারে এক ব্যক্তি লিখেছেন, কিন্তু, কিছু সিনেটর এবং সন্ত্রাসের মধ্যে সম্পর্ক দেখছি। অপর একজন লিখেছেন, অ্যানিং মনের দিক থেকে খারাপ মানুষ। আরেকজন মন্তব্য করেছেন, আপনি এক কথায় ভয়ঙ্কর। সামাজিক যোগাযোগ-মাধ্যমে তীব্র সমালোচনার মুখে সিনেটর অ্যানিং আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছেন। এক পৃথক টুইটার বার্তায় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, ইসলামপন্থি সন্ত্রাসীদের হামলার কথা।