হতাহতদের জন্য ট্রাম্পের ‘উষ্ণ সহানুভূতি’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে অতি ডানপন্থি সন্ত্রাসীর হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জনের নিহতের হওয়ার ঘটনায় উষ্ণ সহানুভূতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এতে মুসমিদের কথা উল্লেখ করা হয়নি যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। খবর সিএনএনের   

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, মসজিদে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনায় আমি উষ্ণ সহানুভূতি জানাচ্ছি। ৪৯ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা নিউজিল্যান্ডের যে কোনো দুর্যোগে পাশে আছি। ঈশ্বর সবার মঙ্গল করুন। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানিয়েছিলেন, ক্রাইস্টচার্চে হামলার কঠোর নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আমরা হতাহত সবার জন্য প্রার্থনা করছি। সোশ্যাল মিডিয়ায় মার্কিন নিন্দার সমালোচনা শুরু হয়েছে। মসজিদ এবং মুসলমানদের ওপর বড় ধরনের হত্যাযজ্ঞ ঘটলেও কঠোর ভাষায় নিন্দা জানানো হয়নি বলে উল্লেখ করা হচ্ছে। এমনকি হোয়াইট হাউস মসজিদ এবং মুসলমান শব্দ দুটি উল্লেখই করেনি।

নিন্দা জানিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, অর্থহীন সহিংসতায় প্রাণহানি এবং মানুষ আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিউজিল্যান্ডের সব নাগরিক, বিশেষ করে মুসলিম সমপ্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন পোপ। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ফিলিপাইন ও তুরস্কের সরকার প্রধানরা নিন্দা জানিয়েছেন। নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট শুক্রবার শহরের মসজিদগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। ফ্রান্সের ধর্মীয় স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।