যথাযথ মর্যাদায় ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ২৬ মার্চ ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে ।
রবিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনস্যুলেট জেনারেল- এর কর্মকর্তা-কর্মচারী, ইস্তাম্বুলে প্রবাসী বাংলাদেশি ও সেখানে অধ্যায়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকি।
দিবসটি উপলক্ষে কনস্যুলেট জেনারেল মহান স্বাধীনতা আন্দোলন-এর ওপর একটি আলোচনাসভা আয়োজন করে। কনসাল জেনারেল এফ. এম বোরহান উদ্দিন আলোচনাসভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি তারা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার ভিত্তিতে রাষ্ট্র গঠনে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কনসাল জেনারেল এফ. এম বোরহান উদ্দিন তার বক্তব্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অসামান্য অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে তাকে এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণ করেন।