‘তনু ধর্ষণ ও হত্যা নষ্ট সমাজের নষ্ট রাজনীতির কুফল’

 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্ম। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে খাবার বাড়ির সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। 
 
নিউইয়র্ক ইয়াং সোসাইটির ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও অংশ নেন। এ সময় সমাবেশে বক্তব্য দেন সোহেল, আনোয়ার, ওয়াসিম, হীরা, সানজিদা, জীবন প্রমুখ।
 
IMG0
 
বক্তারা বলেন, তনু ধর্ষণ ও হত্যা নষ্ট সমাজের নষ্ট রাজনীতির কুফল। নষ্ট রাজনীতির জন্যই আজ নষ্ট সমাজ। যারা আমাদের এই নষ্ট সমাজ উপহার দিয়েছে তাদের প্রতি ধিক্কার। 
 
বক্তারা আরও বলেন, তনু ধর্ষণ ও হত্যাই যেন শেষ হয়। আর কাউকে যেন এই নষ্ট সমাজের শিকার হতে না হয়। আমাদের যেন আর রাস্তায় না দাঁড়াতে হয়। 
 
তারা বলেন, মুখে মুখে উন্নতির কথা বললে হবে না। আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তা না হলে নতুন প্রজন্ম জানবে নিজ দেশে নিরাপত্তা নেই। সরকারের উচিত দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে আমরা নতুন প্রজন্মের কাছে বলতে পারি আমরা সভ্য জাতি।
 
মানববন্ধনে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন শ্লোগান দেন।
 
ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনি-ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আলোর প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা তনুর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানায়।
 
প্রতিবাদ সমাবেশে ওয়াশিংটন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ নেতারাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতারা অংশগ্রহণ করে।