'দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমআইএস পদ্ধতি'

 
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সংসদীয় স্থায়ী কমিটি কার্যক্রমে দক্ষতা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত এমআইএস পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
স্পিকার বলেন, স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট (এসপিও) প্রকল্পের আওতায় নতুন উদ্ভাবিত এমআইএস পদ্ধতি প্রথমে ফাইনান্সিয়াল ওভারসাইট কমিটিগুলোতে চালু করা হবে। এর মাধ্যমে সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পরবর্তীতে এ পদ্ধতি অপরাপর সকল কমিটি কার্যক্রমে চালু করা হবে।
 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এর মাধ্যমে ফাইনান্সিয়াল ওভারসাইট কমিটির আওতায় তিনটি আলাদা ওয়েবসাইট ডেভলপ করা হবে। একই ধরনের ওয়েবসাইট ধীরে ধীরে অন্যান্য স্থায়ী কমিটির জন্য প্রতিস্থাপন করা হবে।
 
তিনি বলেন, এমআইএস সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর সাথে যুক্ত থাকবে এবং এর মাধ্যমে কমিটির সভার নোটিশ, প্রেস রিলিজ, কমিটি রিপোর্ট, ফলো আপ রিপোর্ট তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তা পৌঁঁছানো সম্ভব হবে।
 
স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির সাথে সংগতিপূর্ণ এমআইএস কার্যক্রম সংসদীয় কমিটির কার্যক্রমকে আরো শক্তিশালী করবে এবং এর মাধ্যমে সংসদের কার্যক্রমে ডিজিটাইজেশনের দিকে আরো এক ধাপ এগুবে।
 
তিনি বলেন, সকল সংসদীয় কমিটির কাজের ধরন এক নয়। সকল কমিটির কার্যক্রমকে এমআইএসএর সাথে সংগতিপূর্ন করতে কিছুটা পরিবর্তন আনতে হবে।
 
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে যাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে তারা তাদের দক্ষতা ও মেধা দিয়ে কমিটি কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন বা পরিবর্ধনের মাধ্যমে এ পদ্ধতির সাথে মানিয়ে নিতে সক্ষম হবেন।
 
সংসদ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত আলী, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বক্তৃতা করেন। বাসস।