চাকরি খোঁজার কার্যকরী কয়েকটি কৌশল

চাকরি খুঁজছেন? এখন আমাদের জীবনযাত্রার খরচ যে হারে বেড়েছে শুধু যে পড়াশোনা শেষেই একজন মানুষকে বেকার বলে যায় তা আর সত্যি নয়। আর্থিকভাবে স্বাবলম্বী হবার প্রয়োজন দেখা দেয় বাংলাদেশের অধিকাংশ ছেলেমেয়ের অনার্স ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই। পড়াশোনার পাশাপাশি নিজের খরচের দায়িত্ব নেয়া বাবা মাকে কিছুটা ভারমুক্ত করার চিন্তা থেকে চাকরি খোজা শুরু হয় তখন থেকেই।
চাকরি প্রয়োজন, খুঁজবেন ভাল কথা। কিন্তু তার আগে ছোট্ট কিছু প্রস্তুতি নিন। নিজেকে মানসিকভাবে তৈরি করার পাশাপাশি প্রস্তুত করুন চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা। যোগ্যতা, স্মার্টনেস বাড়াতে সাহায্য করবে এই পদক্ষেপগুলো।
 
আপনার প্রয়োজন বুঝুন
আপনি কি অনার্স প্রথম বর্ষের ছাত্র? নাকি অনার্স শেষ করেছেন? নাকি মাস্টার্সও শেষ? আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাকে ভাবতে হবে কেমন চাকরি আপনার জন্য উপযোগী। নিজের প্রয়োজন বুঝুন। আপনার প্রয়োজন অনুযায়ী চাকরি খুঁজুন।
 
কোথায় খুঁজবেন
চাকরি খোঁজার অনেক জায়গা আছে এখন। অনেক সাইটে গুছিয়ে আলাদাভাবে ভাগ করে করে চাকরির বিজ্ঞাপন দেয়া থাকে। কিন্তু সব সাইট সবধরণের চাকরির জন্য নয়। আবার সাইটের বাইরেও নিজস্ব যোগাযোগে চাকরি হয়। সেগুলো খেয়াল করুন। আপনার আশপাশেই হয়তো পরিচিতদের কারো প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে।
 
রিজুমে তৈরি
চাকরি খুজবেন, একটা রিজুমে তো লাগবেই। কিন্তু গতানুগতিক ধারার রিজুমে আর ১০ জনের মধ্যে আপনাকে আলাদা করবে তো? অন্যকে দিয়ে আপনার সম্পর্কে না লিখিয়ে বা অন্যের রিজুমে কপি না করে নিজেই লিখুন নিজের কথা। আপনার যোগ্যতা, ক্ষমতা, গুণাগুণ তুলে ধরুন। নিজের সিভিকে আর সবার মাঝে ভিন্ন করে তুলুন।
 
নেটওয়ার্ক তৈরি
আপনি যে সেক্টরে চাকরি খুঁজছেন সেই সেক্টরের লোকজনের সঙ্গে যোগাযোগ তৈরি করুন, নিয়মিত যোগাযোগ রক্ষা করুন। আপনি জানেন না কে কখন আপনার কাজে লাগবে। যারা এরই মধ্যে প্রতিষ্ঠিত শুরুতেই তারা আপনাকে গুরুত্ব নাও দিতে পারে। তবু ধীরে ধীরে আপনার প্রতি তাদের আস্থা আসবে। ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে হবে।
 
ইন্টারভিউ এর জন্য তৈরি থাকুন
আপনি কোথায় কোথায় আবেনদন করেছেন, কি পদে আবেদন করেছেন তা লিখে রাখুন। অনেক সময় এমন হয় যে, কোন প্রতিষ্ঠান থেকে আপনাকে ডাকলো, আপনি হয়ত মনে করতে পারলেন না এখানে কবে কী পদে আবেদন করেছিলেন। সেটা খুবই খারাপ প্রভাব ফেলবে। নিজের কাগজপত্রও প্রস্তুত রাখুন। নিজেকে তৈরি রাখুন একটি চমৎকার আত্মবিশ্বাসী ইন্টারভিউ এর জন্য।
 
ফলোআপ
চাকরির খোঁজ করা হতাশ হয়ে থামিয়ে দেবেন না। যেসব প্রতিষ্ঠানে রিজুমে জমা দিয়েছেন সেসব প্রতিষ্ঠানে নিয়মিত খোঁজ রাখুন। অনেক প্রতিষ্ঠানে দেখা যায়, কনফার্ম করার পরও মাসের পর মাস খোঁজ থাকে না। যোগাযোগ রাখবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কেও।