ডাকটিকিট

ডাকটিকিটে বঙ্গবন্ধুর জন্মদিন

আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী। সরকার বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করে থাকে। ১৯২০ সালে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধুর জন্ম। তাঁর জন্মদিন এখন বাঙালি জাতিরই জন্মদিন। একটি বিষয় লক্ষণীয়,  যে মার্চ মাসে বাঙালির স্বাধীনতা সংগ্রামের সূচনা সেই মার্চ মাসেই বঙ্গবন্ধুর জন্ম। বাংলাদেশ ডাক বিভাগ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এ পর্যন্ত প্রকাশ করেছে ৪টি স্মারক ডাকটিকিট, ১টি সুভেনির শিট ও  ৫টি উদ্বোধনী খাম।

বঙ্গবন্ধুর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৭ সালের ১৭ মার্চ ৪ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট  প্রকাশিত হয়। নকশাকার মোজাম্মেল হক। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৯ সালের ১৬ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। এই ডাকটিকিটে স্থান পায় বঙ্গবন্ধুর ছবি। নকশাকার আনোয়ার হোসেন। ২০১০ সালের ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ২৫ টাকা মূল্যমানের ১টি সুভেনির শিটের নকশাকার ছিলেন জসিম উদ্দিন। আবার দীর্ঘ বিরতির পর ২০১৭ সালের ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির মনোগ্রাম সম্বলিত ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। নকশাকার সনজীব কান্তি দাস। সর্বশেষ ২০১৮ সালের ১৭ মার্চ জাতীয় শিশু দিবস  ও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী  উপলক্ষে প্রকাশিত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটটিরও নকশাকার সনজীব কান্তি দাস।

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী    উদযাপিত হবে এবং সরকার ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’    হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছে।  ডাক মন্ত্রণালয় ও বাংলাদেশ ডাক বিভাগকে এখন থেকেই বিশ্ব ডাক সংস্থার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশত-বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে বন্ধুপ্রতিম দেশসমূহ থেকে ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নিতে হবে।