ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ কানাডার টরন্টোর ড্যানফোর্থে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার কামরুল হাফিজ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ হক। সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রেওয়াজ অনুযায়ী নুতন কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সভাপতি ব্যারিস্টার কামরুল হাফিজ। সকলের সম্মতিতে তাৎক্ষণিকভাবে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট শরীফ সালামকে নিয়ে এক সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
IMG0
নির্বাচন কমিশনার আগামী দু বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষে আলোচনার আহ্বান জানান এবং সুনির্দিষ্ট প্রস্তাব ও সমর্থন আহ্বান করেন। সেই পরিপ্রক্ষিতে সভায় বক্তব্য রাখেন রেজানুল ফেরদৌস, রেজা অনিরুদ্ধ, ইশতিয়াক আহমেদ, আশরাফ হক, গোলাম কবীর প্রমুখ। সবশেষে সভাপতি ব্যারিস্টার কামরুল হাফিজের প্রস্তাবনা ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুর সমর্থনে সকলের সম্মতিক্রমে আগামী ২০১৬-২০১৮ মেয়াদের কার্য নির্বাহী কমিটির জন্য সংগঠনের সাবেক সভাপতি, এনআরবি টিভির ম্যানেজিং ডিরেক্টর, সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদকমণ্ডলীর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৮০-৮১ ব্যাচের ছাত্র আব্দুল হালিম মিয়াকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রির ৯৪-৯৫ ব্যাচের ছাত্র ইশতিয়াক উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফ সালাম। কমিটির কো-প্রেসিডেন্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ৯১-৯২ ব্যাচের ছাত্র, টরন্টোর এনআরবি টিভির সিইও, সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে জনপ্রিয় উপস্হাপিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী সুমি রহমানের নাম গৃহিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হক। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী দু বছরের জন্য কমিটি গঠনের সার্বিক দায়িত্ব অর্পন করা হয়।