হবিগঞ্জের লাখাইয়ে ট্রলি চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আশিক চৌধুরী (২০) ওই উপজেলার কাটিহারা গ্রামের বাসিন্দা মিলন চৌধুরীর ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। বুধবার রাতে কাটিহারা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত আশিক ৩ ভাই ও ১ বোনের মাঝে তৃতীয়।
নিহত আশিকের ভাই শিবলী চৌধুরী জানান, আশিক দু’দিন আগে বাড়িতে বেড়াতে আসেন। বুধবার রাতে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে মুড়াকরি সড়কে বেড়াতে যান। তারা ফুলবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসতে দেখে মোটরসাইকেলটির ব্রেক কষেন। এতে আশিক উল্টে ট্রলিটির সামনে পড়ে যান। বাকি দু’বন্ধু রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে আশিকের উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। পথে তার মৃত্যু হয়।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে