দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী অপুর মুক্তি দাবিতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
পৌর এলাকার প্রধান সড়ক মডেল থানার সামনে মুক্তিযোদ্ধা সন্তান ও এলাকাবাসীর ব্যানারে বিভিন্ন বয়সের ৫ সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেছেন। কর্মসূচি শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সমবেত হন তারা। এ সময় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, নিহত যুবলীগ নেতা আ. খালেকের স্ত্রী সাজ্জিনা আক্তার লাকী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনে সাবেক জিএস আ. খালেক খুন হন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় শাকিরুজ্জামান রাখাল ও সাবেক মেয়র অপুসহ পাঁচজন গ্রেফতার হয়েছেন।