শেরপুরে আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চল প্রতিনিধি আমান উল্লাহ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, উত্তরবঙ্গে সাংবাদিকতা ও আমান উল্লাহ খান এক সময় প্রায় সমার্থক হয়ে উঠেছিলো। ‘ইত্তেফাক’-এর উত্তরাঞ্চল প্রতিনিধি হিসেবে সমগ্র উত্তরবঙ্গকে মেলে ধরেছিলেন ইত্তেকাকের পাতায় পাতায়। উত্তরবঙ্গের সংকট ও সম্ভাবনা, এখানকার মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখের কথা, দারিদ্র্যপীড়িত জনপদের ব্যথা-বেদনার কথা ফুটিয়ে তুলেছেন সংবাদপত্রের পাতায়। সাংবাদিকতা যে কত বড় চ্যালেঞ্জিং মিশনারি কাজ সেটা শিখেছিলেন তার গুরু কিংবদন্তি সাংবাদিক মুহঃ আসফ-উদ-দৌলা রেজার কাছে। উত্তরবঙ্গে আমান উল্লাহ খান হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী সংবাদ-ব্যক্তিত্ব। বগুড়ায় নিজের সম্পাদনায় প্রকাশ করেছেন একটি দৈনিক পত্রিকা। গতকাল শনিবার বগুড়ার শেরপুর উপজেলায় মরহুম আমান উল্লাহ খান প্রতিষ্ঠিত জয়লাজুয়ান ডিগ্রি কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ সব কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সহ-সম্পাদক মুহঃ আরিফ-উদ-দৌলা, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মো. সাইফুল বারী ডাবলু, প্রয়াত আমান উল্লাহ খানের ছেলে আহসান উল্লাহ খান সবুজ, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, বদরুল ইসলাম পোদ্দার ববি, আবু তালেব আকন্দ, শাহাদত হোসেন, মনিরুজ্জামান জিন্নাহ, টিএম গফুর, আশরাফুল আলম আইয়ুব খান, মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুল বারী, অধ্যক্ষ হোসেন আলী, উপাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।