শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নূরপুর গ্রাম থেকে রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় রেহানা আক্তার (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার সকাল ১০টার সময় উল্লিখিত স্থান থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। ২ সন্তানের জননী মৃত রেহানা আক্তার নূরপুর গ্রামের মকসুদ মিয়ার স্ত্রী।
সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় রেহানাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই কমলা কান্তসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেহানার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।