বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে শুক্রবার বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তাজমহল সিনেমা হলের সামনে এ সভা হয়। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদুল ইসলাম পাপুল, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আলতাফ হোসেনকে বার বার বলার পরও নির্বাচনে নৌকার বিরুদ্ধ থেকে সরে না যাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদুল ইসলাম পাপুল বলেন, জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।