চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২ লাখ টন গম কিনবে সরকার। প্রতি কেজি ২৮ টাকা দরে গম সংগ্রহ করা হবে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ মে পর্যন্ত।
সোমবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ বছর গম উত্পাদিত হয়েছে ১৩ লক্ষ ৯৮ হাজার টন। প্রতি কেজি গম উত্পাদনে খরচ হয়েছে ২৭ টাকা, গম সংগ্রহ করা হবে ২৮ টাকা দরে।