খাবারের মূল্য তালিকা চাই

রাজধানীসহ সারা দেশে অনেক হোটেলে নেই খাবারের মূল্য তালিকা। এতে অনেক সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। খাবারের মূল্য তালিকা না দিয়ে, হোটেল মালিকেরা লুফে নিচ্ছেন অধিক মুনাফা, খাবার খাওয়ার পর তাঁদের ইচ্ছানুযায়ী দাম রাখেন, ভোক্তাদের তখন শুধু চেয়েই থাকতে হয়। দেশের যে কোনো প্রান্তে হঠাত্ যাওয়া হলে, সেখানকার ব্যবসায়ীরা সুযোগ বুঝে হাতিয়ে নেন ইচ্ছেমতো টাকা। ভোক্তাদের পড়তে হয় সমস্যায়। মূল্য তালিকা থাকলে দেখেশুনে সে অনুযায়ী নিতে পারেন খাবার। মূল্য তালিকা না থাকলে, দাম জিজ্ঞেস করতে অনেকেই বিব্রতবোধ করেন কিংবা সার্ভিসম্যানরাও ঠিকমতো বলতে চান না, যার কারণে ঠকতে হয় সাধারণ মানুষকে। অভিযান চালিয়ে মূল্য তালিকা দেওয়ার কথা বলা হলেও কিছুদিন পর আবার সেই একই অবস্থা দাঁড়ায়। এক্ষেত্রে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে এর স্থায়ী সমাধান হয়। দেশের সব প্রান্তে মূল্য তালিকা বাধ্যতামূলক এবং তা স্থায়ী করতে প্রশাসনের ভিন্ন ব্যবস্থার কথা ভাবতে হবে। নাহয় প্রতিদিন মানুষকে গুনতে হবেই অতিরিক্ত টাকা।

সোহাগ মনি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়