বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন। গণতন্ত্রের মানসকন্যা দেশ নেত্রী খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। বর্তমানে দল পুনর্গঠনের কাজ চলছে। এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উত্খাত করা হবে।
গতকাল শনিবার জোহরের নামাজের পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রাক্তন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দল পুনর্গঠনের কাজ চলছে। বর্তমানে বাংলাদেশে কেমন গণতন্ত্র চলছে তা দেশের প্রত্যেকটা মানুষ জানে-বুঝে। দেশ ও দেশের মানুষের দাবি আদায়ে এবং গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি দল গঠনের কাজ হাতে নিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পাতানো নির্বাচনের ফাঁদে বিএনপি আর পা দেবে না। ভবিষ্যতে দল সুসংগঠিত করেই আমরা নির্বাচনে যাব।
এ সময় নিউজিল্যান্ডে বন্দুক হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় তিনি দোয়া করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানান। দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র খোন্দকার আব্দুল হামিদ খান ডাবলু, খোন্দকার আকবর হোসেন বাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।