নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং তিন জন নিখোঁজ আছেন। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন। গতকাল শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও শুক্রবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তি তিন জনের নিহতের কথা জানানো হয়েছিল।
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এর ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, নিহত দুই বাংলাদেশি হলেন ড. মো. আবদুস সামাদ ও হোসনে আরা পারভীন। এখনো নিখোঁজ রয়েছেন মোজাম্মেল হক, জাকারিয়া ভুঁইয়া ও শাওন। এছাড়া পাঁচজন হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এদের মধ্যে লিপি ও মোন্তাসিমের অবস্থা গুরুতর। রুবেল, ওমর ফারুক ও শাহজাদা হাসপাতালে চিকিত্সাধীন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ মিশনের উপপ্রধান তারেক আহমেদ ক্যানবেরা থেকে এবং নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল শফিকুর রহমান অকল্যান্ড থেকে শনিবার সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছেন। তারা সার্বিক বিষয়টি তদারকি করছেন।
প্রসঙ্গত, শুক্রবার ক্রাইস্টচার্চে জুম্মার নামাজের সময় আল নূর মসজিদ এবং লিনউড মসজিদে বন্ধুকধারীদের হামলায় ৪৯ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সে সময় তৃতীয় টেস্টে অংশগ্রণের জন্য ক্রাইস্টচার্চে অবস্থান করছিল। অনুশীলন শেষ করে আল নূর মসজিদে জুমার নামাজ আদায়ে যাচ্ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মসজিদে খেলোয়াড়দের প্রবেশের ঠিক আগ মুহূর্তে হামলার ঘটনা ঘটে।
ডিক্যাব সভাপতি রাহীদ এজাজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের পরিচালনায় অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদসহ ডিক্যাবের বর্তমান ও সাবেক সদস্যরা। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মোস্তফা কামাল, শ্যামল দত্ত, আনিস আলমগীর ও আমান উদ-দৌলাকে ডিক্যাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সম্মানিত করা হয়।
আহমদীয়া মুসলিম জামা’তের শোক প্রকাশ
আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মোবাশশের উর রহমান এক বিবৃতিতে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।