চট্টগ্রামে ইভটিজিংয়ের শিকার ছাত্রীর ভিডিও দেখে যুবক গ্রেফতার

চট্টগ্রামে ইভটিজিংয়ের শিকার এক কলেজ ছাত্রী ফেসবুকে ভিডিও প্রচারের পর গ্রেফতার হলেন বখাটে যুবক তানভীর আহমেদ সিদ্দিকী (২৫)। গতকাল শনিবার নগরীর মিয়া খান নগর বাইদ্দারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি এলাকার আবদুল হকের পুত্র।

 কলেজ ছাত্রী ফারহেনা নওরীন নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহমেদ আলীর মেয়ে। তিনি সরকারি সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ঘটনার বর্ণনা দিয়ে নওরীন জানান, লেখাপড়ার পাশাপাশি তিনি অপরাজয়ে বাংলাদেশ নামে একটি সংগঠনের সাথে যুক্ত। গত ৬ মার্চ দুপুরে কদমতলী রেলক্রসিং পার হওয়ার পর একটি মোটরসাইকেল তার রিক্সার গতিরোধের চেষ্টা করে। তাকে লক্ষ্য করে অশ্লীল কথাবার্তা বলতে থাকে তারা। এক পর্যায়ে তার ওড়না ধরে টান দেয় মোটরসাইকেলের পিছনে বসা তানভীর। আশপাশের লোকজন ঘটনাটি দেখেও কোনো কিছু না বলে সরে পড়ে। এসময় নওরীন কৌশলে তার মোবাইল অন করে ভিডিও ধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। পরে বাসায় গিয়ে নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার দেন নওরীন।