নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটেনের লন্ডনে এক মুসল্লির ওপর হামলার ঘটনা ঘটেছে। পূর্ব লন্ডনের একটি মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে হাতুড়ি নিয়ে তার ওপর চড়াও হয় অজ্ঞাত শ্বেতাঙ্গ সন্ত্রাসীরা। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পূর্ব লন্ডনের ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিত্কার করে ইসলামবিরোধী স্লোগান দিচ্ছিলো তিন সন্ত্রাসী। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিত্কার করছিল তারা। এক পর্যায়ে লোকজন গাড়িটি ধাওয়া করলে সন্ত্রাসীরা হাতুড়ি ও লাঠি নিয়ে এক মুসল্লির ওপর হামলা চালায়। এতে তার মাথায় আঘাত লাগে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে ক্রাইস্টচার্চে দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিভিন্ন দেশে মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, শুক্রবার অনেক মানুষ নামাজে যাওয়ায় মসজিদগুলোর নিরাপত্তা জোরদার এবং সশস্ত্র হামলা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।