নতুন লোগো চালু করলো পদ্মা ব্যাংক। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন এই লোগো উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন। রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেসরকারি ব্যাংকগুলোকেও পদ্মা ব্যাংকের শেয়ার ধারণের আহ্বান জানিয়ে মসিউর রহমান বলেন, সরকারি চারটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান এই ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিক। ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোও এই ব্যাংকটির মালিকানায় অংশ নিতে পারে।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, পদ্মা ব্যাংকের শেয়ারগ্রহীতা রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুছ ছালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান বক্তব্য দেন।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পারিচালক মো. এহসান খসরু বলেন, অতীতে ফারমার্স ব্যাংক নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের আস্থাহীনতা দেখা দিয়েছিলো তা থেকে বেরিয়ে আসতে গত ২৯ জানুয়ারি ব্যাংকটিকে পদ্মা নামে নামকরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।