বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ, ব্যবসায়ীর দেহরক্ষী আটক

ইত্তেফাক রিপোর্ট

এবার ঘোষণা ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করার অভিযোগে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের দেহরক্ষী নুরুল ইসলামকে আটক করেছে অ্যাভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় তাকে আটক করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের দেহরক্ষী নুরুল ইসলাম বিকাল সাড়ে ৫টায় নভো এয়ারের ভিকিউ-৯৪৫ ফ্লাইটে যশোর যাচ্ছিলেন। এ সময় তিনি নিয়ম না মেনে ঘোষণা ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করেন। পরে সেটা জানতে পেরে অ্যাভিয়েশন নিরাপত্তা সংস্থা এভসেক এর সদস্যরা তাকে অস্ত্রসহ আটক করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে ১১ মার্চ ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করা হয়েছিল।