ম্যাসাচুসেটেসর ওরচেস্টারে অবস্থিত বেকার কলেজে গত মঙ্গলবার ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এটাই প্রথম ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র।
২৩০ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী কলেজের ঐতিহাসিক ‘মেকানিক্স হল’-এ নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন বেকার কলেজের প্রেসিডেন্ট ড. রবার্ট ই. জনসন। প্রফেসর ইউনূস কলেজের প্রেসিডেন্সিয়াল বক্তৃতাও প্রদান করেন। এই ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র স্বাস্থ্যসেবাসহ সমাজের বিভিন্ন সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করবে।
প্রায় ১৫০০ দর্শক-শ্রোতার অংশগ্রহণে এই জনাকীর্ণ বক্তৃতায় প্রফেসর ইউনূস তরুণ সমাজকে ভিন্নভাবে চিন্তা করতে, তাদের সৃষ্টিশীলতা দিয়ে বর্তমান পৃথিবীকে গড়তে এবং সমাজে প্রচলিত চাকরী খোঁজার মত সংকীর্ণ ভূমিকা থেকে বেরিয়ে আসার আহবান জানান। ম্যাসাচুসেট্স-এর দীর্ঘদিনের কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন এই বক্তৃতা অনুষ্ঠানে যোগ দেন এবং প্রফেসর ইউনূসের বক্তৃতার পর তাঁর সাথে এক বৈঠকে মিলিত হন। এই অনুষ্ঠানে বেকার কলেজের প্রেসিডেন্ট জনসন প্রফেসর ইউনূসকে কলেজের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল প্রদান করেন।
প্রফেসর ইউনূস ম্যাসাচুসেট্স কলেজ অব ফার্মেসী এন্ড হেলথ সায়েন্সেস-এ সকলের জন্য স্বাস্থ্যসেবা অধিকার বিষয়ক আলোচনায়ও মূল বক্তৃতা প্রদান করেন। মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল কাপুয়ানো এবং অঙ্গরাজ্য প্রতিনিধি জেফেরী সানচেজ এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।
শনিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।