সম্পদের হিসাব দাখিল না করার মামলা বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী বছরের ১৭ জানুয়ারি আপিলটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভূক্ত থাকবে।
রবিবার ইকবাল মান্দ বানুর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই আদেশ দেন ।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তারেক রহমানের শাশুড়ি। গতকাল চেম্বার জজ আদালতে আবেদনটি শুনানির দিন ধার্যের জন্য আসে। আবেদনের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
২০১২ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব দাখিলের জন্য ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সম্পদের হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদক রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় গত বছরের জানুয়ারি মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এই মামলা বাতিল চেয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় হাইকোর্টে বাতিল আবেদন দাখিল করেন তারেক রহমানের শাশুড়ি।