পাকশী ইউপি চেয়ারম্যান মনোনয়ন পেতে সমাবেশ

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. তরিকুল ইসলাম ভাদু আসন্ন পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আজ সোমবার শোভাযাত্রা ও সমাবেশ করেছেন।
 
পাকশী আম তলা হতে একটি বিশাল মোটরসাইকেল বহর, অটোবাইক, ভটভটি, টেম্পু নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। আমতলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে পাকশী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাকশীর ঐতিহাসিক আম্রকাননে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন। 
 
সমাবেশে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব তরিকুল ইসলাম ভাদু বলেন, ‘যদি আওয়ামী লীগ থেকে আমাকে দলীয় ভাবে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আামি অবশ্যই চেয়ারম্যান নির্বাচিত হবো। চেয়ারম্যান নির্বাচিত হলে প্রিয় পাকশী ইউনিয়ন পরিষদটিকে একটি আধুনিক মানের ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব।’
 
এ সময় পাকশী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টোকন সরদার, পাবনা জেলা অটোরিকশা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, ছাত্রলীগের সভাপতি মিরাজ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মেজবুল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক আবু তারেক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম বাবু, থানা যুবলীগের সদস্য সুলতান আহমেদ, গোলাম কিবরিয়া ও আনিসুর রহমানসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।