জীবননগরে তীব্র দাবদাহে নারীর মৃত্যু, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

জীবননগরে তীব্র তাপদাহে রহিমা খাতুন (৬৫) নামে এক নারী হিটস্ট্রোকে মারা গেছেন।
 
সোমবার দুপুরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তিনি  উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। এ নিয়ে এ উপজেলায় গত ৩ দিনে হিটস্ট্রেকে ২ জনের মৃত্যু হলো। গত ৫ দিনে জীবননগরে তাপমাত্রা বাড়ছেই। প্রচণ্ড দাবদাহ, আগুনের মতো উত্তপ্ত বাতাস আর ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়েছে জনজীবন। ফ্যানের বাতাসেও স্বস্তি মিলছে না। ঘরে-বাইরে সর্বত্র অসহনীয় অবস্থা। এ ছাড়া দাবদাহের কারণে পুড়ছে ফসলের ক্ষেত।
 
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার দেশের সর্ব্বোচ তাপমাত্রা জীবননগর উপজেলায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত ৫ দিন ধরে উপজেলায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দৈনন্দিন কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে এবং উপজেলায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।