সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রায়পুরায় সিঁধ কেটে ঘরে ঢুকে তাজু মিয়া (৩৫) নামে এক ক্ষুদ্র কাচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
রবিবার দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। সোমবার সকালে রায়পুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহতাবস্থায় মরিয়ম বেগমকে নরসিংদী শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ২-৩ জন দুর্বৃত্ত সিঁধ কেটে আমিরাবাদ গ্রামের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী তাজু মিয়ার ঘরে ঢুকে। এ সময় ঘুমন্ত অবস্থায় তাজু মিয়াকে এলোপাতারি কোপাতে থাকে দুর্বৃত্তরা। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মরিয়ম বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তাজু মিয়ার মৃত্যু ঘটে।
 
রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, সিঁধ কেটে চুরি করতে গিয়ে গৃহকর্তার্কে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।