তাহিরপুরে খেয়া নৌকাডুবে স্কুলছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে খেয়া নৌকা ডুবে শারমিন আক্তার তুলি (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে।
 
সোমবার বিকাল পর্যন্ত তাকে কোথায়ও খোঁজে পাওয়া যায়নি। ওই স্কুলছাত্রী উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের মহিব উদ্দিনের মেয়ে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার বিকালে বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার তুলি স্কুলের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বালিজুরী বাজার সংলগ্ন রক্তি নদীর খেয়া নৌকায় উঠে। এরপর ২০-২৫ জন যাত্রী নিয়ে নদী পারাপার হওয়ার সময় নদীর মাঝে খেয়া নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছাত্র-ছাত্রীসহ অন্যান্য লোকজন সাঁতরে তীরে পৌঁছলেও শারমিন আক্তার নদীতে ডুবে যায়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
 
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নিখোঁজ স্কুল ছাত্রীর সন্ধান করার জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে।