দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ ভবন

কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের তদন্ত শুরু

চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ অফিস ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, সিমেন্টের সঙ্গে মাটির সংমিশ্রণ ও পুরাতন ইট ব্যবহারের অভিযোগের ভিত্তিতে তিনটি তদন্ত টিম গঠন হয়েছে।
 
সোমবার বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুরের পর ঢাকা থেকে দর্শনায় এসে তদন্ত শুরু করেছে। তদন্ত টিমের প্রধান কৃষি মন্ত্রণালয়ের উপ প্রধান মাহবুব হক পাটোয়ারি, নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ ও সিনিয়র উপ সহকারী প্রধান শাহ ইমান আলী রেজা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আব্দুর রাজ্জাককে প্রধান করে অপর একটি তদন্ত টিম গঠন করে তদন্ত কাজ শুরু করেছে। গত ৯ এপ্রিল জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘সরকারি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ’ শিরোনামে একটি খবর ও ছবি ছাপা হলে ঢাকা খামারবাড়ি উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের পরিচালক সৌমেন সাহা ও ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান এবং বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর ওয়াজেদ হোসেন এ দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেন। তদন্তে প্রাথমিকভাবে রডের বদলে বাঁশ দেওয়ার অভিযোগে উদ্ভিদ সঙ্গনিরোধের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাস ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার জেমস কষ্টাকে বরখাস্ত করা হয়েছে।
 
 তদন্ত কমিটির প্রধান মাহবুবুর হক পাটোয়ারি জানান, ঘটনা আমরা তদন্ত শুরু করেছি মাত্র, তবে যেটুকু হয়েছে তার সঙ্গে যারা জড়িত থাক তাদের রেহাই পাবার রাস্তা নেই। মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করার কথা রয়েছে।