তিন ট্যানারি মালিককে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি

 
সাভারে ট্যানারি সরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ায় আদালত অবমাননার দায় থেকে মুক্তি পেয়েছেন তিন ট্যানারি মালিক। একইসঙ্গে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
 
আদালতের নির্দেশ মোতাবেক হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন তিন ট্যানারি মালিক। প্রতিবেদনে বলা হয়, হাজারীবাগ থেকে ট্যানারি তিনটি বন্ধ করে সাভারে স্থানান্তরে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে সাভারে কারাখানা করার জন্য পাইলিং হয়েছে, বাউন্ডারি, লেবার শেড, অফিস কক্ষ তৈরি, বিদ্যুত্ সংযোগ ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রতিবেদনে সন্তুষ্টু হয়ে হাইকোর্ট পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও প্যারামাউন্ট ট্যানারিজের আকবর হোসেনকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহিত দেয়।
 

ট্যানারি মালিকদের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও রিটকারি পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন। আদালত অবমাননার মামলায় ওই তিন ট্যানানি মালিককে ইতিপূর্বে তলব করেছিলো হাইকোর্ট।