১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান। এদিন নগরীতে ভোর ৬টা থেকে বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বর্ষবরণ অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসএমপির এডিসি(মিডিয়া) রহমত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলে দলবদ্ধভাবে হর্ণ বাজিয়ে জনবিরক্তি সৃষ্টি, খোলা ট্রাকে বাদ্য-বাজনাসহ শহর প্রদক্ষিণ এবং রং ছিটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং এবং নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের প্রতি সৌজন্যমূলক আচরণ ও যথাযথ সম্মান প্রদর্শনেরও নির্দেশনা দেয়া হয়।