বাঞ্ছারামপুরে ইলিশে ফরমালিন

বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামবাংলার সাধারণ মানুষের মনে বিরাজ করছে আনন্দ উত্সব। উত্সবের আমেজ লেগেছে এক শ্রেণির ইলিশ মাছ বিক্রেতাদের মনে। তাদের চোখে ঘুম নেই, বাঞ্ছারামপুর উপজেলার  বিভিন্ন এলাকায় বৈশাখকে সামনে রেখে ফরমালিনযুক্ত ইলিশ মাছ বিক্রির ধুম পড়েছে।
 
বিক্রেতারা পাতিলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব ইলিশ মাছ বিক্রি করছে চড়া দামে। সারাদিন মাছ বিক্রির পর যা থেকে যায় বিক্রেতারা তাতে ফরমালিন দিয়ে আবার বিক্রি শুরু করে। ফরমালিন মেশানোর সময় মো. নুরু মিয়া নামে এক বিক্রেতাকে জিজ্ঞাসা করলে সে বলে, ভাই বছরে একবার সুযোগ আসে তাই কাজে লাগিয়ে কিছু পয়সা কামাই। সারা বছর পহেলা বৈশাখের অপেক্ষায় থাকি। মাছে যে বিষ মেশানো হয় তা গ্রামের সহজ সরল নারীরা জানে না। প্রতিটি  ইলিশ মাছ ৪শ থেকে ৫শ টাকা বিক্রি হচ্ছে। গ্রামবাংলার মানুষ পহেলা বৈশাখ নববর্ষে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবে এটাই তাদের আনন্দ।