চট্টগ্রামে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তিনজন হলেন- ওসমান গণি (২২), নেজাম উদ্দিন মিন্টু (২৫) ও আলমগীর হোসেন (৩৫)।
সোমবার রাত পৌনে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
নগরীর বালুচরাসহ বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
গত শনিবার ভোর রাতে তাদের বায়েজিদ এলাকার পিআর চয়েস গার্মেন্টসে রাতের শিফটে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ওই নারী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। এদের মধ্যে মিন্টু ও আলমগীর ধর্ষণে সরাসরি যুক্ত বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকর্মী ওসমান গণির সঙ্গে বাসায় ফিরছিলেন ওই গার্মেন্টসকর্মী। কুলগাঁও এলাকায় গেলে চার যুবক তাকে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী নিজে বাদী হয়ে ওসমানসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।
ওসি বলেন, ওই তরুণী অভিযোগ করেছেন যে, ওসমান তাকে ভুল পথ দিয়ে বাসায় নিয়ে যাওয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন।
অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।