খুলনায় রাষ্ট্রয়াত্ত সাতটি পাটকলের শ্রমিকরা টানা দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবারও রাজপথ-রেলপথ অবরোধ করেছেন। এতে পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে।
আজ ভোর ৬টা থেকে সকাল-সন্ধ্যা কর্মসূচি শুরু হয়েছে। পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সভাপতি মো. সোহরাব হোসেন এ তথ্য জানান।
আগের দিন শ্রমিকদের অবরোধ চলার মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন।
ওই অর্থ দিয়ে সারাদেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পহেলা বৈশাখে বোনাস পেয়ে সারাদেশের মানুষ আনন্দ উৎসব করবে, আর আমার পাট শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা না পেয়ে থালা-বাসন নিয়ে বসে থাকবে- এটা মানতে পারছি না।
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে পাটকল শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন।