সিলেট বিভাগে ফিলিং স্টেশনে ধর্মঘট

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। 
 
মঙ্গলবার সকাল থেকে দেড় শতাধিক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রি বন্ধ করে দেয়া হয়।প্রসঙ্গত, সোমবার দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ ধর্মঘটের ডাকা দেয়া হয়।
 
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
 
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কসশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, সোমবার দুপুরে শহরের নাইওরপুল মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি নাজির মিয়া সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস নিতে চাইলে কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে নাজির মিয়ার সহযোগীরা বিকাল সাড়ে তিনটার দিকে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ক্যাশ কাউন্টার থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।