একরাম হত্যা মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ৩৯ জন আসামিকে ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ আদালতে হাজির করা হয়।
 
মঙ্গলবার মামলার বাদী নিহত চেয়ারম্যান একরামুল হক একরামের ভাই রেজাউল হক জসিম আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করছেন।
 
মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি থাকায় আদালতে হাজির হতে পারেনি।
 
জানা যায়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের সঙ্গে কোন না কোনভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
 
উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।