জালিয়াতির মাধ্যমে পৌনে সাত কোটি টাকা আত্মসাতের দায়ে এ বি ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আত্মসাত করা অর্থের সমপরিমাণ টাকা তাদের জরিমানা হিসেবে দিতে হবে।
মঙ্গলবার ঢাকার ১১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালালউদ্দিন আহমদ চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- এ বি ব্যাংকের প্রগতি সরণী শাখার ঋণ প্রশাসন বিভাগের কর্মকর্তা শিবলী সাদিক চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নেসা চৌধুরী।
অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি শাহানাজ পারভীন ও জামাল আবদুন নাসেরকে আদালত খালাস দিয়েছে। এ আদালতের পেশকার ইমরুল ইসলাম জানান, শাহনাজ ছাড়া বাকি তিনজনই রায় দেয়ার সময় পলাতক ছিলেন।
এ বি ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ভাইস-প্রেসিডেন্ট সাদিকুর রহমান ২০১২ সালের ৮ অগাস্ট রাজধানীর ভাটারা থানায় এ মামলা করেন। তার অভিযোগ ছিল, গ্রাহকের অনুকূলে ২৪টি অ-মঞ্জুরিকৃত অনুমোদনহীণ ঋণ সৃষ্টি করে একটি হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে ছয় কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ২০০ টাকা আত্মসাত করেছেন আসামিরা।