সড়কে ভাঙন, ভোলার ইলিশা ফেরিঘাট বন্ধ

ভোলার ইলিশা ফেরিঘাটের এপ্রোচ রোড মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই ঘাট থেকে লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
 
সোমবার রাত থেকে এই রুটে ফেরি বন্ধ হয়। এখন ভোলার ভেদুরিয়া ঘাট থেকে লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল করছে।
 
ইলিশা ঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার বলেন, ঘাটের এপ্রোচ রোড ভেঙে যাওয়ায় সোমবার রাতে এ ঘাট থেকে ভোলা-লক্ষ্মীপুর ফেরি বন্ধ করে দেয়া হয়।  এ কারণে ফেরিকে প্রায় ৩৫ কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে।
 
তিনি জানান, বর্তমানে এ রুটে কিষানি, কামিনি ও কনকচাঁপা আগের দূরত্বের দিগুণেরও বেশি পথ অতিক্রম করলেও যানবাহন পারাপারে ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণ।
 
আবু আলম হাওলাদার আরো জানান, ঘাটের দুই পাড়ে এখনো পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন রয়েছে।