মেয়র মান্নানের বরখাস্তের আদেশ আপিলেও স্থগিত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
 
কার্যকারিতা ছয়মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গত সোমবার মেয়ন মান্নানের এক রিট আবেদনের প্রেক্ষিতে তার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের স্থগিত করে দেয় হাইকোর্ট।
 
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায় রাস্ট্রপক্ষ। আজ আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মেয়র মান্নানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।
 
শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। 
 
এর আগে গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।
 
মান্নানকে বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) অনুাযায়ী, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।
 
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র মান্নান।