গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের তাজপুর এলাকায় বুধবার বেলা ১১ টার দিকে ট্রাক চাপায় আশিক (৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার পিতা মোকছেদ আলী গুরুতর আহত হয়েছেন। নিহত আশিক গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের অধিবাসী।
 
আহত মোকছেদ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, স্থানীয় বালুয়া বাজারে ছেলে আশিকের চুল কাটিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোকছেদ আলী। পথে ওই এলাকায় রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে আশিক মারা যায়। পিতা মোকছেদ আলী আহত হয়।
 
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত আছে।