দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম বলেছেন, 'আগে দুর্নীতিবাজরা সমাজে ভীত সন্ত্রস্ত থাকতেন আর এখন বুক ফুলিয়ে চলেন। তিনি বলেন, মন থেকে দুর্নীতি ঝেড়ে ফেলতে হবে। বুধবার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' স্লোগানে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার আরো বলেন, অমরা নিজেরা স্বচ্ছ না থাকলে অন্য কাউকে পরামর্শ দিতে পারবোনা। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় ভবন নির্মাণে লোহার বদলে বাঁশের ব্যাবহার করার ঘটনায় দুদক মামলা করার নির্দেশ দিয়েছে। এসময় তিনি নতুন বছরে সবাইকে দুর্নীতিমুক্ত শপথ করার আহ্বান জানান।
ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর আয়োজিত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশীল সমাজ, মিডিয়া ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে ওই সভায় পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ বক্তব্য রাখেন।