অতীতের কলঙ্ক মুছে ঘুরে দাঁড়িয়েছে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

 
অতীতের কলঙ্ক মুছে বিজিবি আজ ঘুরে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন একটি সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। শুধু বর্ডার না, দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষায়ও বিজিবি দায়িত্ব পালন করছে। তাই আমরা গর্বিত ও দেশবাসী নিশ্চিন্ত।
 
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে কমান্ডার্স কনফারেন্সে আজ বুধবার তিনি এ সব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে দায়িত্ব পালন করে আপনারা দেশের ভাবমূর্তি রক্ষা করছেন। নির্বাচনে বিরূপ পরিস্থিতি নিয়ন্ত্রণেও আপনারা দায়িত্ব পালন করেছেন। আমরা এগিয়ে যাচ্ছি। বর্ডার সুরক্ষা হচ্ছে। অন্যদেশের সীমান্ত বাহিনী এখন কিছু করার আগে বিজিবির সঙ্গে আলোচনা করছে।
 
পিলখানা হত্যাকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, ওই পৈশাচিক ঘটনার পর আমরা আপনাদের যে মনোবল দেখেছি, তা প্রশংসনীয়। বিজিবির সকল চাহিদাই সরকারের পক্ষ থেকে পূরণ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চারটি ইন্টেলিজেন্স ব্যুরো স্থাপন করা হয়েছে। ১৫টি ব্যাটালিয়নের প্রস্তাবনার মধ্যে ১৩টি স্থাপন করা হয়েছে। মহিলা সদস্যরাও বিজিবিতে যোগ দিচ্ছেন। বিজিবির মহিলা সদস্যদের নিয়ে এগিয়ে গেলে আপনারা যুগান্তকারী ইতিহাসের জন্ম দেবেন। কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কোন চোরাকারবারি বা মাদক বেরিয়ে গেলেও বিজিবির সদস্যরা তা ঠিক আটক করছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ কনফারেন্সে সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা), ৪টি রিজিয়নের (সাউথ-ইস্ট রিজিয়ন চট্টগ্রাম, নর্থ-ওয়েস্ট রিজিয়ন রংপুর, নর্থ-ইস্ট রিজিয়ন সরাইল ও সাউথ-ওয়েস্ট রিজিয়ন যশোর) কমান্ডার, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (বিজিটিসি অ্যান্ড এস) কমান্ড্যান্টসহ বিজিবি’র ৩০টি ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।