মুন্সীগঞ্জে একশ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে একশ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
 
বুধবার বিভিন্ন নদী ও আড়তে অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করা হয়। বুধবার সকালে সদর উপজেলার কাঠপট্টি লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৭৫ মন জাটকা জব্দ করে কোস্টগার্ড।  দক্ষিনাঞ্চল থেকে ঢাকাগামী ৪টি লঞ্চে অভিযান চালিয়ে এই  জাটকাগুলো জব্দ করা হয়। লঞ্চগুলো হলো রিয়াজ-২, রিয়াদ-৩, কাজল-৭ ও আঁচল-৩।
 
কোস্টগার্ডের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, ৩৬টি  ড্রামে ভর্তি করে এই জাটকাগুলো বাজার জাত করার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। তবে মালিক না পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।