রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং জুয়াইউ। বুধবার বিকেলে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের কৃষি, যোগাযোগ, ভৌত অবকোঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে আর্থ-সামাজিক উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি এ সময় চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দেয়ার প্রশংসা করে। এই পদক্ষেপ চীনে বাংলাদেশের রপ্তানি বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং জুয়াইউ সাক্ষাতের সময় বলেন, তার দেশ কৃষি, যোগাযোগ ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। ‘বাংলাদেশ-চায়না-ইন্ডিয়া-মিয়ানমার ইকোনোমিক করিডোর (বিসিআইএম)’ হলে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ হবে এবং দু’দেশের জনগণ উপকৃত হবে।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াংসহ রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।