বাঘ ও তার আবাসস্থল সংরক্ষণের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের রাজধানী নয়া দিল্লিতে তৃতীয় বাঘ সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এই আহ্বান জানান।
বাঘের আবাস রয়েছে এমন এশীয় দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রীগণ সম্মেলনে যোগ দেন। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাঘ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। চোরাকারবারী এবং বাঘ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স দেখাচ্ছেন। তিনি আরো বলেন, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা আমাদের একটি বড় সমস্যা।
মন্ত্রী এই সম্মেলন আয়োজনের জন্য ভারতকে ধন্যবাদ দেন। তিনি বাঘ উন্নয়নশীল দেশগুলোকে বাঘ রক্ষায় কাজ করার জন্য সহায়তার হাত বড়িয়ে দেয়ায় উন্নত দেশগুলোকেও ধন্যবাদ জানান।
মন্ত্রী আরো বলেন, এশিয়ার সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশে বাঘ খুব গুরুত্বপূর্ণ যায়গায় রয়েছে। বাঘ বসবাস করে এমন অনেক দেশেই প্রাণীটি জাতীয় পশুর মর্যাদা পেলেও বাঘ রক্ষার জন্য এই দেশগুলোতে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় তা একেবারেই অপর্যাপ্ত। তবে বাঘ সংরক্ষণে উন্নয়ন অংশীদারদের অর্থ বরাদ্দ এক্ষেত্রে আশা সঞ্চারী বলে উল্লেখ করেন তিনি।
প্রাণীটিকে রক্ষায় পরিকল্পনা ও কাজে দূরত্ব কমিয়ে আনতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন বনমন্ত্রী। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ ভারতের সঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।